প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম
16
শনিবার ২১, মার্চ ২০২৬ -- : -- --
বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স বা গুঠিয়া মসজিদ
নির্মাণের ২০ বছর পরও মুগ্ধতা ছড়াচ্ছে বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স বা গুঠিয়া মসজিদ।
প্রাতিষ্ঠানিকভাবে এই মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ হলেও দক্ষিণাঞ্চলে গুঠিয়া মসজিদ নামেই ব্যাপক পরিচিত। বাংলাদেশের যে কয়টি সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ আছে, তার মধ্যে বরিশালের গুঠিয়া মসজিদ অন্যতম। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ জামে মসজিদ।
গুঠিয়া মসজিদের মূল সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যার পর। মসজিদ ভবনের সৌন্দর্য বাড়াতে বর্ণিল আলোকসজ্জা, বিভিন্ন স্থানে বর্ণিল কাচ, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে করা হয়েছে নকশার কাজ। যা দেখতে সারাবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে শত শত মানুষ। শুধু মুসলিমরাই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে সবাই আসেন মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে।
মসজিদটির অবস্থান বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে। বরিশাল শহর থেকে দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। প্রায় ১৪ একর জমির ওপর সুবিশাল মসজিদটি গড়ে তোলা হয়েছে। বিকেলে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণিপেশার মানুষ ঘুরতে এসেছেন মসজিদ প্রাঙ্গণে। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসা লোকজন যে যার মতো ছবি তুলে সময় পার করছেন।
বরিশাল নগরী থেকে ঘুরতে আসা আমিনুল সোহেল বলেন, ‘এর আগে অনেকবার এসেছি। তারপরও সুযোগ পেলে চলে আসি। মূলত মসজিদটির সৌন্দর্য কাছে টানে। এর আগে বিকেলে দুর্গা সাগর দিঘিও ঘুরে দেখেছি। সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণে এসেছি। কারণ সন্ধ্যায় লাইটগুলো জ্বললে মসজিদের আসল সৌন্দর্য দেখা যায়।’