শনিবার ২১, মার্চ ২০২৬

শনিবার ২১, মার্চ ২০২৬ -- : -- --

বগুড়া-৬: তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন বাদশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম

16

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নের চিঠি তার হাতে তুলে দেওয়া হয় বলে জানান বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এদিন রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


কেন্দ্রীয় পর্যায়ের যাচাই-বাছাই ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে বাদশাকে বগুড়া-৬ (সদর) আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুটি আসন থেকে বিজয়ী হবার কারণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। তারপর থেকেই দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয় কে পাচ্ছেন দলীয় মনোনয়ন।

এক্ষেত্রে দলের ছয় নেতা মনোনয়নপ্রত্যাশী হলেও শেষ পর্যন্ত রেজউল করিম বাদশার হাতে ধানের প্রতীকের মনোনয়ন তুলে দেওয়া হয়।


মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম বাদশা বলেন, দল তার ওপর যে আস্থা রেখেছে, সেটি রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বগুড়া সদরের সার্বিক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বাদশার মনোনয়নের খবরে জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উপনির্বাচনে ইতিবাচক ফল আসবে বলে প্রত্যাশা নেতা-কর্মীদের।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা জাতীয় সংসদ নির্বাচনে তার দক্ষতা প্রমাণ করেছেন। এ কারণে দল তাকে মূল্যায়ন করেছে।

এদিকে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৯ এপ্রিল ভোট গ্রহণ।

ভিভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসন। অতীতে এ আসন থেকে নির্বাচন করেছেন বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষে এ আসনে প্রার্থী হয়ে জয়ী হন তারেক রহমান।

Link copied!