প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম
7
বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --
ভারতের গোয়ায় পর্দা উঠতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর।। আগামী ২৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে ঢাকার সাফ কার্যালয়ে। এতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। ছয়টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে রয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে অনুষ্ঠিত হয়েছে এই ড্র। র্যাঙ্কিংয়ে ভারত ও নেপাল শীর্ষ দুই অবস্থানে থাকায় তাদের রাখা হয়েছে দুই আলাদা গ্রুপে। আর বাংলাদেশ রয়েছে তিন নম্বরে।
ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে পড়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ। ছয় দল দুই গ্রুপে খেলবে। প্রতি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই ম্যাচ শেষে পয়েন্টে এগিয়ে থাকা দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। শক্তিমত্তায় এগিয়ে থাকায় এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নেপাল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে।
বাংলাদেশের জন্য এবারের ড্র বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টুর্নামেন্টের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালেও বাংলাদেশের গ্রুপে ছিল ভারত, সঙ্গে পাকিস্তান। ২০২২ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ। সেই ধারাবাহিকতায় এবারও শক্তিশালী ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২০১০ সালে প্রথম নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই থেকে ভারত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সাফল্যে ভাগ বসায় বাংলাদেশ। গত ২০২২ ও ২০২৪ দুটি সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।
এবারের আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান এবারের টুর্নামেন্টে ভারতের মাটিতে খেলতে আসছে না।
বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি নিরাপত্তার কারণে। এর কিছু দিন পরই অবশ্য শুটিং খেলতে যাওয়ার অনুমতি দেয় ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনের পর ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক খানিকটা উন্নতি হয়েছে। তাই মে মাসে ভারতের গোয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল পাঠাতে ক্রীড়া মন্ত্রণালয় ইতিবাচক।