বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে স্থগিত মনিরা শারমিনের প্রার্থিতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

26

১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি থেকে পদত্যাগের সময়সীমা সংক্রান্ত আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে এই ঘোষণা দেওয়া হয়। তবে একই জোটে থাকা বাকি ১২ জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে কমিশন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার অন্তত তিন বছর পর সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আইনজ্ঞদের মতে মনিরা শারমিনের ক্ষেত্রে এই শর্ত লঙ্ঘিত হয়েছে। তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকে অফিসার পদে কর্মরত ছিলেন। চাকরি ছাড়ার মাত্র চার মাসের মাথায় তিনি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন, যা আইনত প্রশ্নবিদ্ধ। নির্বাচন কমিশন তাকে চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

বুধবার প্রথম দিনে জামায়াত জোটের মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে, যার মধ্যে মনিরা শারমিন বাদে বাকি ১২ জনের প্রার্থিতা বৈধ বলে জানানো হয়। আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিএনপি জোটের ৩৬ জন, একজন স্বতন্ত্র প্রার্থী এবং আরও তিনজনের মনোনয়নপত্র যাচাই করা হবে।

বিরোধী দলীয় জোটের জন্য বরাদ্দ ১৩টি সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন অর্থাৎ মনিরা শারমিন ও মাহমুদা আলম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন এবং জাগপা থেকে একজনকে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এক শিশুর মাকে সংরক্ষিত নারী আসনে বিশেষ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল।

Link copied!